কুমিল্লার দাউদকান্দিতে ‘স্টার লাইন’ সার্ভিসের এসি বাসে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। রোববার দিবাগত রাত ১২টা থেকে ৩টা পর্যন্ত এ ঘটনা ঘটে।

ডাকাতরা যাত্রীদের কাছ থেকে প্রায় ৬ লাখ টাকার মালামাল লুট করে নিয়েছে। এ সময় ড্রাইভার কামাল উদ্দিনকে তারা কুপিয়ে গুরুতর আহত করে।

যাত্রীদের সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত সাড়ে ১০টায় স্টার লাইন সার্ভিসের (ঢাকা মেট্রে-ব-১৪৭১৫৬) একটি এসি বাস ঢাকা থেকে ফেনীর উদ্দেশ্যে ছেড়ে যায়।

রাত সাড়ে ১২টার দিকে কুমিল্লার দাউদকান্দিতে পৌঁছালে ছদ্মবেশী সাত যাত্রী (সন্ত্রাসীরা) অস্ত্রের মুখে প্রথমে ড্রাইভারকে জিম্মি করে এবং কুপিয়ে গুরুতর আহত করে।

এরপর ওই সন্ত্রাসীদের মধ্যে থেকে একজন গাড়ি চালানো শুরু করে। আর অন্য ছয়জন সকল যাত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে পর্যায়ক্রমে তল্লাশী করে।

যাত্রীদের কাছে থাকা ল্যাপটপ, মোবাইল, নগদ টাকা এবং জুতাসহ প্রায় ৬লাখ টাকার মালামাল লুট করে তারা। কুমিল্লার দেবিদ্বার নামক স্থানে বাস রাস্তার একপাশে রেখে ডাকাতরা পালিয়ে যায়।

বাস যাত্রী জসিম অভিযোগ করে বলেন, ঘটনার দুই ঘন্টা পেরিয়ে গেলেও স্টার লাইন বাস সার্ভিস কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নেয়নি। এতে করে আমরা চরম ভোগান্তির মধ্যে পড়েছি।

তিনি আরো অভিযোগ করেন, ঢাকা-ফেনী রোড়ে একমাত্র বাস সার্ভিস এই ‘স্টার লাইন’ পরিবহন। যাতে রয়েছে চরম অব্যবস্থাপনা।

ঢাকা, ২৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ