নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন ভবনে দাবিকৃত চাঁদা না দেওয়ায় সিরাজ পাঠান (৬৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মিজমিজি বাতানপাড়া এলাকায় ভায়রা সৌদি প্রবাসী জাকির হোসেনের নির্মাণাধীন ভবনের তদারকির কাজ করছিলেন সিরাজ পাঠান। গত কয়েকদিন ধরে বাতানপাড়া এলাকার সন্ত্রাসী শুক্কুর, ভাই পাপ্পু তার কাছে চাঁদা দাবি করে আসছিল।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে তারা পুনরায় সিরাজুল পাঠানের কাছে গিয়ে চাঁদা দাবি করে। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে সন্ত্রাসী শুক্কুর, ভাই পাপ্পুসহ আরো কয়েকজন তাকে লাঠি দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
নিহত সিরাজ পাঠান চাঁদপুর জেলার মতলব উপজেলার মাথাভাঙ্গা এলাকার হালিম পাঠানের ছেলে। সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে মোবাইল ফোনের দোকান রয়েছে তার।
নিহতের ছেলে জাকারিয়া কনক ও স্ত্রী হোসনে আরা বেগম জানান, চাঁদার দাবিতে তার স্বামীকে পিটিয়ে হত্যা করেছে তারা।
ঘটনার সত্যতা স্বীকার করে পুলিশ জানিয়েছে, লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়েছে। তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।
কেএইচ





