মানবাধিকার সংগঠন রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিককে আটক করেছে পুলিশ। আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোড এলাকার নিজ বাসভবন থেকে পুলিশের একটি দল তাকে আটক করে নিয়ে যায়। রাত ৯টার দিকে যশোর কোতোয়ালি থানার ওসি মো: ইলিয়াস হোসেন বিনয় মল্লিককে আটকের কথা স্বীকার করেন। ওসি বলেন, নরসিংদীর একটি প্রতারণা মামলায় তাকে আটক করা হয়েছে।

এর আগে সোমবার বেলা ১১টায় যশোরের পুলিশ সুপারের বিরুদ্ধে হয়রানি ও নির্যাতনের অভিযোগ এনে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছিলেন বিনয় কৃষ্ণ মল্লিক। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেছিলেন, যশোর শহরের গাড়িখানা রোডের একটি সরকারী জমি বরাদ্দ নিয়ে বসবাসকারীদের উচ্ছেদের প্রতিবাদ করায় পুলিশ সুপার তাঁর (বিনয় মল্লিক) ও তাঁর পরিবারের সদস্যদের নিপীড়ন শুরু করেছেন।

এরই অংশ হিসেবে গত ৯ মার্চ রাতে বড় ছেলে সবুজ মল্লিককে যশোর শহরের গাড়িখানা রোড থেকে সাদা পোশাকের লোকজন আটক করে খুলনার ফুলতলা পুলিশের কাছে ফেনসিডিল দিয়ে সোপর্দ করে। তিনি বলেন, এর আগেও তাঁর ছেলের নামে বিস্ফোরক ও প্রতারণার মামলা দিয়ে আটক করা হয়েছিল। সংবাদ সম্মেলনে তিনি পুলিশ সুপারের বরখাস্ত ও সন্তানের মুক্তি দাবি করেন। একইসাথে পুলিশ তাকেও আটক করতে পারে বলে সংবাদ সম্মেলনে তিনি আশংকা প্রকাশ করেছিলেন।

তবে এই সংবাদ সম্মেলনের পর পুলিশ সুপার আনিসুর রহমান সাংবাদিকদের বলেন, জমি নিয়ে পুলিশের সাথে বিনয় মল্লিকের একটি মামলা বিচারাধীন রয়েছে। এজন্য বিনয় মল্লিক তার বিরুদ্ধে কয়েকবার সংবাদ সম্মেলন করেছেন। দুদকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে তার বিরুদ্ধে দরখাস্ত করেছেন। তার ছেলে আটকের সাথে নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করে পুলিশ সুপার বলেন, তিনি আদালতের প্রতি শ্রদ্ধাশীল। তাকে হেনস্থা করতেই বিনয় মল্লিক এসব করছেন বলে তিনি দাবি করেন।
জেড/তারেক