জাতীয় সংসদে আজ সোমবার অর্থবিল ২০১৫ পাস হয়েছে। এতে তৈরি পোশাক খাতসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাব করা চারটি খাতে কর কমেছে।

প্রধানমন্ত্রী তৈরি পোশাকসহ সব ধরনের রপ্তানিতে উৎসে কর, ক্যানসারের ওষুধ তৈরির কাঁচামাল আমদানি ক্ষেত্রে সব ধরনের কর, বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও প্রকৌশল কলেজের মূসক, পোল্ট্রি ও মাছ চাষের করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব করেছিলেন। এই চার খাতের করই কমেছে।

এর আগে সংসদে তৈরি পোশাক খাতের উৎসে কর ১ শতাংশ থেকে কমিয়ে শূন্য দশমিক ৬০ শতাংশ করার প্রস্তাব করেন প্রধানমন্ত্রী। ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে তৈরি পোশাক খাতের উৎসে কর শূন্য দশমিক ৩০ শতাংশ থেকে বাড়িয়ে ১ শতাংশ হারে আরোপ করা হয়েছিল। প্রধানমন্ত্রীর প্রস্তাব পাস হওয়ায় তৈরি পোশাক রপ্তানি করলে রপ্তানিমূল্যের উৎসে ১০০ টাকায় ৬০ পয়সা হারে কেটে রাখা হবে। এটাই চূড়ান্ত কর আদায় হিসেবে বিবেচিত হবে। বছর শেষে নতুন করে বাড়তি কর দিতে হবে না।

প্রস্তাবিত বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজগুলোকে ১০ শতাংশ মূসক দেওয়ার কথা বলেছিলেন অর্থমন্ত্রী। এত দিন ইংরেজি মাধ্যমের স্কুলের ওপর ৭ দশমিক ৫ শতাংশ মূসক আরোপিত ছিল। তবে বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজগুলোকে মূসক দিতে হতো না। অর্থমন্ত্রী আগামী অর্থবছরের বাজেটে প্রথমবারের মতো এসব শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকেও মূসকের আওতায় আনার প্রস্তাব করেছিলেন। আজ প্রধানমন্ত্রী এই মূসক হার ১০ শতাংশ থেকে কমিয়ে সাড়ে ৭ শতাংশ করার অনুরোধ করেন। অর্থবিলে প্রধানমন্ত্রীর এই প্রস্তা​বটিও পাস হয়।

পোল্ট্রি ও মাছ চাষের সঙ্গে যুক্তদের করমুক্ত আয়সীমা ১০ লাখ টাকা থেকে বাড়িয়ে ১৯ লাখ টাকা করার প্রস্তাব করেছিলেন প্রধানমন্ত্রী। অর্থবিলে প্রধানমন্ত্রীর এই প্রস্তাবটিও পাস হয়।

এএইচ