কিশোরগঞ্জ শহরের মেডিপ্লাস হেলথ কেয়ার নামে একটি প্রতিষ্ঠান থেকে সুব্রত দেবনাথ নামে ডাক্তারকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত ম্যাজিস্ট্রেট তরফদার মো. আক্তার জামিল এ রায় দেন।

আটককৃত সুব্রত দেবনাথ ময়মনসিংহ জেলার ছোট বাজার এলাকার মনরঞ্জন দেবনাথের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, শহরের কালিবাড়ী মোড় এলাকায় মেডিপ্লাস নামে একটি হেলথ কেয়ারে চিকিৎসা করে আসছিলেন সুব্রত দেবনাথ। তিনি হৃদরোগ, শিশু, ডায়াবেটিক ও মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন।

গোপনে খবর পেয়ে কিশোরগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান দুপুরে মেডিপ্লাসে গিয়ে সুব্রত দেবনাথের কাগজপত্র পরীক্ষা করে দেখতে পান তিনি ভুয়া চিকিৎসক। সঙ্গে সঙ্গে তিনি ভ্রাম্যমাণ আদালতে খবর দেন।

খবর পেয়ে আদালত ঘটনাস্থলে এসে তাকে আটক করে এক বছরের কারাদণ্ডের আদেশ দেন। পরে তাকে কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়।

ওএফ