করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ১৭ জন ও নারী ৪ জন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৪ জন।

একইদিনে করোনায় আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৫১৭ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৪ লাখ ১৪ হাজার ১৬৪ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯১০ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৩১ হাজার ৬৯৭ জন।

বুধবার (০৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ড. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিভাগ অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২১ জনের মধ্যে ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রামে পাঁচজন, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও রংপুর বিভাগে একজন করে মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে বিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব চারজন, পঞ্চাশোর্ধ্ব দুজন এবং ষাটোর্ধ্ব ১৪ জন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১০ দশমিক ৯০ শতাংশ এবং এখন পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৭ দশমিক ৩৩ শতাংশ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৮০ দশমিক শূন্য ৯ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১১৪টি পরীক্ষাগারে ১৪ হাজার ৩২৮টি নমুনা সংগ্রহ এবং ১৩ হাজার ৯১৪টি নমুনা পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ২৩ লাখ ৮৯ হাজার ৬৭৭টি।

এখন পর্যন্ত করোনায় মোট মৃতের মধ্যে পুরুষ ৪ হাজার ৬২১ জন (৭৬ দশমিক ৯৭ শতাংশ) এবং নারী ১ হাজার ৩৮৩ জন (২৩ দশমিক ০৩ শতাংশ)।

এমবি