সাভারের আশুলিয়ায় বস্তাবন্দি অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে আশুলিয়ার কুড়গাঁও এলাকার পুরাতনপাড়া থেকে বস্তাবন্দি অবস্থায় লাশ দুটি উদ্ধার করা হয়েছে।
আশুলিয়া থানা সূত্র জানায়, বুধবার সকালে আশুলিয়ার কুড়গাঁওয়ের পুরাতনপাড়া এলাকার স্থানীয় ব্যবসায়ী রাজ্জাকের টিনশেড বাড়ির ভেতরে বস্তাবন্দি অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ দেখতে পান স্থানীয়রা।
বিষয়টি আশুলিয়া থানায় জানানো হলে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
এ ঘটনায় বাড়ির মালিক রাজ্জাকসহ চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা একই স্থানে আরো একটি বস্তাবন্দি লাশের সন্ধান জানান।
পরে ওই জায়গাতেই একটি টয়লেটের সেপটিক ট্যাংকের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় আরো এক ব্যক্তির বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ।
এদিকে, একই স্থান থেকে দু’জনের বস্তাবন্দি মরদেহ পাওয়ায় কুড়গাঁও এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
আশুলিয়া থানার ওসি মোস্তফা কামাল জানান, লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশ দুটির পরিচয় জানতে অনুসন্ধান শুরু হয়েছে।
এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
এমকে





