আমার বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা করা হলে অনেকেই আমাকে নিয়ে কটূক্তি করেছেন। ফেসবুকে বাজেভাবে লেখালেখি করেছেন। এতে আমাকে সামাজিকভাবে হয়রানি করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা জানাই। আমার মনে হয়েছে এটা মানহানিকর বলে মন্তব্য করেন মুফতি গিয়াস উদ্দিন তাহেরী।

মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) তাহেরীর বিরুদ্ধে ইসলামকে ব্যঙ্গ করার অভিযোগে দায়ের করা মামলা খারিজ করে দিয়েছেন বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক আ স ম জগলুল হোসেন।

তাহেরী বলেন, ওয়াজের ভেতরে যে শব্দ বা বাক্যগুলো আমি ব্যবহার করি সেগুলো ইসলামকে নিয়ে ব্যঙ্গের পর্যায়ে পড়ে কি না, তা নিয়ে আমি আগেই প্রশ্ন রেখেছিলাম। মামলাকারী ইব্রাহিম খলিল হয়তো ইসলাম নিয়ে কিছু জানেনই না। সেজন্য সে মামলা করেছে। অথবা এই মামলা করার পেছনে তাঁ কোনো স্বার্থ ছিল।

মুফতি গিয়াস উদ্দিন তাহেরী বলেন, উনি (ইব্রাহিম খলিল) মামলা করে আমাকে অপদস্ত করেছেন। এটা উনার ঠিক হয়নি। উনার আরো চেঞ্জ হওয়া উচিত। এ রকম স্বাভাবিক একটা বিষয়কে নিয়ে তিনি ইসলামকে ব্যঙ্গ করার পর্যায়ে নিয়ে গেছেন। উনার হয়তো জ্ঞানেরও অভাব আছে। আর তাই আদালত বুঝে মামলাটি খারিজ করেছেন। বিজ্ঞ বিচারক অবশ্যই এসব নিয়ে জেনে বুঝে রায় দিয়েছেন।

তাহেরী আরও বলেন, আমি যখন ওয়াজে কথা বলি তখন পরিস্থিতির প্রয়োজনে বলি। এগুলো কখনো খারাপ ভেবে বলি নাই। আমার কথাগুলো যদি কারো খারাপ লেগে থাকে তাহলে আমি আর এসব বলব না। কিন্তু আমাকে অন্যভাবে জানানো যেত। মানুষের মুখ দিয়ে তো ভুল কথা বের হতেই পারে।

ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলায় মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর বিরুদ্ধে মামলার সময় দাখিলকৃত পেনড্রাইভ পর্যালোচনা করে বিচারক বলেন, ভিডিওগুলো ধর্ম-বিষয়ক। এ ছাড়া ভিডিওতে সামাজিক ও ধর্ম-বিষয়ক বক্তব্য রয়েছে। একেক জনের মত প্রকাশের ধরন একেক রকম। এখানে ধর্মীয় অনুভূতির কোনো প্রমাণ মেলেনি। বক্তব্যে আইন-বহির্ভূত কোনো কিছু পাওয়া যায়নি, তাই মামলাটি সরাসরি খারিজের আদেশ দেওয়া হলো।

গত রোববার মুফতি গিয়াস উদ্দিন তাহেরী বলেছিলেন, এখন থেকে আর আমি এসব বলব না বা করব না। আমি ভুল করেছি। তা এখন বুঝতে পারছি।

মামলার বাদী ইব্রাহিম খলিল বলেন, বিচারক তাহেরীর বিরুদ্ধে করা মামলাটি সরাসরি খারিজের আদেশ দিয়েছেন। আমি এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশনে যাব।

এর আগে গত রোববার বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক আ স ম জগলুল হোসেনের আদালতে আইনজীবী ইব্রাহিম খলিল বাদী হয়ে মামলাটি করেন। ওই দিন বিচারক বাদীর জবানবন্দি শুনে আদেশ পরে দেবেন বলে জানান। পরে গতকাল সোমবার ট্রাইব্যুনালের বিচারক আ স ম জগলুল হোসেন আদেশের দিন নির্ধারণ করেন।

এসএম