নামী কোম্পানির মোড়কে পণ্য বাজারজাত করা এবং মিথ্যা বিজ্ঞাপন দিয়ে জনগণের সঙ্গে প্রতারণার অপরাধে যশোরে একটি দস্তা সার কারখানাকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে যশোর সদর উপজেলার ঘুরুলিয়া গ্রামে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন যশোর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ এবং র্যাব-৬-এর সদস্যরা।
আদালত সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত সকালে ঘুরুলিয়া গ্রামের এআর অ্যাগ্রো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের কারাখানায় অভিযান চালান। এ সময় শ্রমিকেরা নিজেদের তৈরি দস্তা সার ঢাকার বিভিন্ন নামী কোম্পানির মোড়কে ঢুকিয়ে মোড়কজাত করছিলেন। কারাখানার স্বত্বাধিকারী রাজু আহমেদকে তিন লাখ টাকা জরিমানা করে সতর্ক করা হয়।
এ ব্যাপারে জানতে চাইলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান বলেন, রাজধানীর ১০-১২টি নামী কোম্পানির মোড়কে এখানকার তৈরি সার ঢুকিয়ে মোড়কজাত করা হচ্ছিল। এ ছাড়া কিছু প্যাকেটের গায়ে লেখা রয়েছে যে থাইল্যান্ড ও গণচীন থেকে প্রস্তুতকৃত সার। মিথ্যা বিজ্ঞাপন দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা ও অন্য কোম্পানির প্যাকেটে পণ্য ঢুকিয়ে জালিয়াতির অপরাধে ভোক্তা অধিকার আইন-২০০৯ অনুযায়ী জরিমানা আদায় করা হয়েছে।
এসএ





