দু'দিনের ভারি বর্ষণ ও অতিজোয়ারের কারণে ভোলায় বাধের বাইরের বেশ কিছু নিচু এলাকা ও দুর্গম চর প্লাবিত হয়েছে। এতে পানি বন্দি হয়ে পড়েছেন অর্ধলাখ মানুষ। সোমবার বিকালের পর থেকে অস্বাভাবিক জোয়ারে এসব এলাকা প্লাবিত হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, সদরের মাঝের চর, রামদাসপুর, দৌলতখানের মেদুয়া, মদনপুর, হাজিপুর ও চরফ্যাশনের কুকরী-মুকরী, চর পাতিলা ও ঢালচর ইউনিয়নের বেশ কিছু স্থান সোমবার দুপুরের পর থেকে প্লাবিত হয়। এতে বিস্তির্ণ ফসলের ক্ষেতসহ গুরুত্বপূর্ণ স্থাপনা ডুবে যায়। পানিবন্দি হয়ে পড়েন ওই সব এলাকার মানুষ।

হাজিপুর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান জানান, সাধারণ জোয়ারের এলাকার কিছু অংশ প্লাবিত হলেও অতিরিক্ত জোয়ারের কারণে সোমবার অধিকাংশ এলাকা পানিতে ডুবে যায়। এতে পানি বন্দি হয়ে পড়েন ১২/১৩ পরিবার। ইউনিয়নে বাঁধ না থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।

মেদুয়া ইউপি চেয়ারম্যান মঞ্জুরুল আলম জানান, মেদুয়া ইউনিয়নে বিচ্ছিন্ন নেয়ামতপুর এলাকায় জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। এছাড়াও গুচ্ছ গ্রামসহ বিভিন্ন এলাকার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

মদনপুর ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন নান্নু জানান, ইউনিয়নের বেশ কিছু এলাকা প্লাবিত হয়ে পানিতে তলিয়ে রয়েছে। জোয়ার নেমে গেলেও কিছু কিছু এলাকা জলাবদ্ধতার সৃষ্টি হয়।

ভোলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল হেকিম জানান, সোমবার মেঘনার পানি বিপদ সীমার ৩ দশমিক ১৯ সেন্টিমিটার ছিলো। এতে বাধের বাইরের অল্প কিছু এলাকা প্লাবিত হওয়ার খবর পেয়েছি।

ঢাকা, ২৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর