রাজধানীতে একরাতে গাড়ির ধাক্কায় মারা গেলো চার মোটর সাইকেল আরোহী। এর মধ্যে বনানী ও ডেমরায় পৃথক পৃথক দুটি দুর্ঘটনায় মারা যান দুই নারী ও দুই যুবক। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টার দিকে পৃথক এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
রাত ১২টার দিকে, বনানীর সেতু ভবনের সামনে স্কুটি বাইকে করে যাচ্ছিলেন সৈয়দা কচি ও সোনিয়া। বিকট শব্দে বাইক থেকে ছিটকে পড়েন তারা। আশপাশের সবাই এসে তাদের হাসপাতালে পাঠালে, মৃত অবস্থায় পান ডাক্তাররা। ধারণা করা হচ্ছে, কোনো যানবাহন তাদের বাইককে ধাক্কা দিয়ে পালিয়েছে।
নিহত কচি পার্ল ইন্টারন্যাশনালে সেলস অফিসার ছিলেন। দুজনই চাকরী সূত্রে বন্ধু ছিল বলে জানিয়েছে পরিবার।
এদিকে, ডেমরার কোনাপাড়ায় বালুর ট্রাকের ধাক্কায় দুই যুবক মারা গেছে। পুলিশ জানায়, রাত ১২টার দিকে দুই বন্ধু সাদিম রিজভী (২১) ও ঐশ্বিক আহমেদ (১৯) মোটর সাইকেলে করে স্টাফ কোয়ার্টারের দিকে যাবার সময় পেছন থেকে ট্রাক ধাক্কা দেয়।
ঘটনাস্থলেই মারা যায় পলিটেকনিক ছাত্র সাদিম। ঢাকা মেডিকেলে মারা যায় ডেমরার আরেক কলেজ ছাত্র ঐশ্বিক।
ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
এএস





