পদ্মা সেতুর ৩৭তম স্প্যান বসানো হবে আজ (বৃহস্পতিবার)। এর ফলে দৃশ্যমান হতে যাচ্ছে পদ্মা সেতুর ৫ হাজার ৫৫০ মিটার অর্থাৎ সাড়ে ৫ কিলোমিটার।
আজ (১২ নভেম্বর) বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মাওয়া ইয়ার্ড থেকে স্প্যানটি নিয়ে রওনা হবে ক্রেনটি। দুপুরের পর ‘২-সি’ নামের স্প্যানটি ৯ ও ১০ নম্বর পিলারের ওপর বসানো হবে।
পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো: আব্দুল কাদের জানান, ৩৬ নম্বর স্প্যান বসানোর মাত্র ৫ দিনের ব্যবধানে ৩৭তম স্প্যান ‘২-সি’ বসানো হবে। আমাদের প্রস্তুতি সম্পন্ন। যদি বড় ধরনের কোনো সমস্যা না হয়, তাহলে আজই দৃশ্যমান হবে সাড়ে ৫ কিলোমিটার সেতু।
প্রকৌশলী আরও জানান, আগামী ডিসেম্বরের মধ্যে স্প্যান বসানো শেষ করার পরিকল্পনা রয়েছে। সেই লক্ষ্যে এই মাসে ৪টি স্প্যান বসানো হবে। যার মধ্যে ৬ তারিখে ৩৬ ও আজ বসতে যাচ্ছে ৩৭তম স্প্যান। এছাড়া সিডিউল অনুযায়ী ১৬ নভেম্বর ১ ও ২ নম্বর পিলারের ওপর ৩৮তম স্প্যান এবং ২৩ নভেম্বর ১০ ও ১১ নম্বর পিলারের ওপর ৩৯তম স্প্যান বসানো হবে।
এমবি





