মৌসুমি বায়ুর দাপটে জেঁকে বসেছে বর্ষা। দুদিন ধরেই বৃষ্টি হচ্ছে পুরো দেশে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী এই অবস্থা থাকবে আরও দুদিন। শনিবার (১১ জুলাই) থেকে বৃষ্টি কিছুটা কমতে পারে।
বৃষ্টির দাপট থেকে রাজধানী ঢাকাও মুক্ত না। এই দুদিনে ঢাকায় বৃষ্টি হয়েছে ৭৪ মিলিমিটার। এর মধ্যে সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৩৬ মিলিমিটার।
ঢাকার চেয়ে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টির মাত্রা অনেক বেশি। সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সন্দ্বীপে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে, যার পরিমাণ ছিল ১৯৮ মিলিমিটার। এ সময়ে বরিশালে ১৪৯, খেপুপাড়ায় ১১৩, খুলনায় ৯৭ এবং সাতক্ষীরায় ৩৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শাহ আলম বলেন, দেশের উত্তরের দিকে বৃষ্টি কমলেও উপকূলীয় এলাকায় বৃষ্টি কমবে না।
জুন মাসে স্বাভাবিকের চেয়ে ২৫ ভাগ বেশি বৃষ্টি হয়েছে। জুলাইয়ের অবস্থা কেমন হবে? জানতে চাইলে তিনি বলেন, ‘জুন মাসে বেশি বৃষ্টি হলেও আশা করছি জুলাইয়ে এর মাত্রা স্বাভাবিক থাকবে।’
তবে ঈদের সময় অর্থাৎ এই মাসের মাঝামাঝি সময়ে বৃষ্টি হবে কি না এ ব্যাপারে এখনই আবহাওয়া বিশেষজ্ঞরা কোনো মন্তব্য করতে চাইছেন না।
স্বস্তি-অস্বস্তি যাই হোক, বৃষ্টির দাপটে কয়েক দিনের ভ্যাপসা গরম কেটে গেছে অনেকটাই। সিলেট ছাড়া সব বিভাগীয় শহরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশ নিচে নেমে গেছে।
গতকাল রাজধানীর ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আজ সকাল ৯টা পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
এএইচ





