শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ব্যবস্থাপনায় জটিলতা দূর করে জাতীয় বিশ্ববিদ্যালয়কে ‘বাঁচাতেই’ এর বিকেন্দ্রীকরণ করা হচ্ছে।

শুক্রবার সিলেটে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি জেলা ও মহানগর শাখার দ্বিবার্ষিক সম্মেলন উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, “দেশে কলেজের সংখ্যা দিন দিন বাড়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ে ব্যবস্থাপনা সমস্যা দেখা দিয়েছে। চাপ কমিয়ে প্রতিষ্ঠানটিকে বাঁচাতেই এর বিকেন্দ্রীকরণ করা হচ্ছে।”

সরকারি কলেজগুলো বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকলেও ১৯৯২ সাল থেকে এসব প্রতিষ্ঠানকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দেওয়া হয়।

গত ৩১ অগাস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে সরকারি কলেজগুলোকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করার নির্দেশনা দেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বর্তমানে প্রায় দুই হাজার ৬০০ কলেজ রয়েছে, এর মধ্যে সরকারি কলেজ ২৭৯টি।

শিক্ষামন্ত্রী বলেন, “জাতীয় বিশ্ববিদ্যালয় আগেই ব্যর্থ প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল। কুকীর্তির ফলে আদালতের নির্দেশে এক সঙ্গে ১১০০ লোকের চাকরি চলে গেছে।

“তাই জাতীয় বিশ্ববিদ্যালয়কে বিকেন্দ্রীকরণ করছি। সিলেটেও একটি অফিস করেছি। এর ফলে মূলত প্রতিষ্ঠানটিকে বাঁচানোর চেষ্টা করছি।”

আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, বিশ্ব শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক মাহফুজা খানম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আমিনুল ইসলাম ভূইয়া, সিলেট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম শাহী আলম ও বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক নুর মোহাম্মদ তালুকদার অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

জেআই