সীমান্তে আবারো গুলি চালিয়েছে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)। এতে বাংলাদেশি এক কাঠুরিয়া গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের আশারতলীর ৪৭ নম্বর সীমান্ত পিলার এলাকায় এ গুলি চালায় বিজিপি।
জানা যায়, মিয়ানমার সীমান্তবর্তী আশারতলী ৪৭ নম্বর সীমান্ত পিলার এলাকায় আশারতলীর মির আহমদের ছেলে দিল মোহাম্মদ কাঠ কাটতে গেলে মিয়ানমারের ছেনছড়ি সেক্টরের আমতলী ক্যাম্প থেকে ৩-৪ রাউন্ড গুলি ছোঁড়ে বিজিপি সদস্যরা। এতে দিল মোহাম্মদের কোমরের নিচে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।
এলাকাবাসী আশঙ্কাজনক অবস্থায় তাকে বেলা ৩টায় কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনার পর ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
কক্সবাজার সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুস সালাম জানান, দিল মোহাম্মদের অবস্থা আশঙ্কাজনক। তাকে বর্তমানে সার্জারি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ব্যাপারে নাইক্ষ্যংছড়ি ৩১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সফিকুর রহমান বলেন, আশারতলীর ৪৭ নম্বর সীমান্ত পিলার এলাকায় মিয়ানমার বিজিপি গুলি বর্ষণ করেছে। এতে বাংলাদেশি এক বৃদ্ধ গুলিবিদ্ধ হয়েছেন।
গত ২৮ মে নাইক্ষ্যংছড়ি উপজেলার দৌছড়ি সীমান্ত এলাকায় বিজিবির টহল টিমকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে মিয়ানমারের বিজিপি। এতে বিজিবির নায়েক সুবেদার মিজানুর রহমান নিহত হন।
ঢাকা, ১২ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





