ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরাম হত্যা মামলার রায় আগামী ১৩ মার্চ নির্ধারণ করেছেন আদালত।

আজ (মঙ্গলবার) দুপুরে ফেনী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আমিনুল হক এ দিন নির্ধারণ করেন। এ সময় বিচারক জামিনে থাকা ২২ আসামির জামিন বাতিল করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্র জানায়, এ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ ও সাফাই সাক্ষীর জেরা শেষ হওয়ার পর চলতি বছরের ২৮ জানুয়ারি রোববার থেকে সরকার পক্ষ ও আসামি পক্ষের যুক্তিতর্ক শুরু হয়। টানা যুক্তিতর্ক শেষে মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ১৩ মার্চ রায়ের দিন ধার্য করে।  

২০১৪ সালের ২০ মে ফেনীর একাডেমি এলাকায় ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি একরামুল হক একরামকে দুর্বৃত্তরা প্রকাশ্যে গুলি করে, কুপিয়ে ও গাড়ি’সহ পুড়িয়ে হত্যা করে। এ ঘটনায় তার বড় ভাই রেজাউল হক জসিম ৫৬ জনের বিরুদ্ধে মামলা করেন।

ফেনীর পাবলিক প্রসিকিউটর হাফেজ আহম্মদ বলেন, এ মামলায় বিভিন্ন সময় আইন-শৃঙ্খলা বাহিনী ৪৪ জনকে গ্রেফতার করে। তাদের মধ্যে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন ১৫ জন।

এমবি