রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে মো. শাকির সিকদার (২৩) নামে জাল স্ট্যাম্প চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার সকালে কারওয়ান বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের সিনিয়র সহকারী কমিশনার এএসএম হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, তার কাছ থেকে ৫০০ টাকার ২ হাজার ৩৩৩টি, ২০০ টাকার ১৪৬টি, ১০০ টাকার ১ হাজার ৮৮৯টি, ১০ টাকার ১২ হাজার ৩২০টিসহ মোট ১৬ হাজার ৬৮৮টি জাল স্ট্যাম্প উদ্ধার করা হয়।
হাফিজুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি জাল স্ট্যাম্প প্রস্তুত ও সরবরাহকারী চক্রের সক্রিয় সদস্য। অন্যান্য সহযোগীদের যোগসাজশে জাল স্ট্যাম্প বিক্রি করে সরকারের লাখ লাখ টাকার রাজস্ব ফাঁকি দিয়ে আসছেন।
এমএনজে





