হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির মুফতি ইজহারুল ইসলামের ছেলে এবং হেফাজতে ইসলামের প্রচার সম্পাদক মুফতি হারুন ইজহারকে চট্টগ্রাম কারাফটক থেকে পুনরায় গ্রেফতার করেছে পুলিশ।
হাইকোর্ট থেকে জামিনে পেয়ে মঙ্গলবার দুপুরে কারাগার থেকে বের হয়ে আসলে গোয়েন্দা পুলিশের একটি দল মুফতি হারুনকে থেকে পুনরায গ্রেফতার করে নিয়ে যায়। মুফতি হারুনকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার কুসুম দেওয়ান। পুলিশ জানিয়েছে মুফতি হারুনের বিরুদ্ধে আরো মামলা রয়েছে। আগামীকাল তাকে আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ জানায়।
উল্লেখ্য, ২০১৩ সালের ৭ অক্টোবর চট্টগ্রামের লালখান বাজার এলাকা হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমীর মুফতি ইজহারুল ইসলাম পরিচালিত জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনা ঘটে। গ্রেনেড বানাতে গিয়ে সংগঠিত এই বিস্ফোরণে তিনজন নিহত হয়। পরে পুলিশ মাদ্রাসা ও মুফতি ইজহারের বাসায় তল্লাশি চালিয়ে চারটি তাজা গ্রেনেড, ১৮ বোতল এসিড এবং বিপুল পরিমাণ গ্রেনেড তৈরির সরঞ্জাম উদ্ধার করেন।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে খুলশী থানায় বিস্ফোরক আইনে, অ্যাসিড নিয়ন্ত্রণ আইনে এবং খুনের অভিযোগে পৃথক তিনটি মামলা করেন। এই তিন মামলায় আসামি ছিলেন মুফতি হারুন ইজহার। এ ছাড়া মতিঝিলের শাপলা চত্বরের ঘটনাতেও মুফতি ইজহারের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা রয়েছে। হারুন ইজহারের আইনজীবী আবদুল ছাত্তার জানান সবকটি মামলাতে হারুন ইজহার হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। এর পরই তিনি কারাগার থেকে বেরিয়ে এসেছিলেন। কিন্তু কারাফটক থেকে পুলিশ তাকে পুনরায় গ্রেফতার করেছে।
জেআই





