মাদারীপুরে ডিবির ভুয়া দুই সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি পুলিশ। শহরের পুরানবাজারের চন্দ্রা রেস্ট হাউস থেকে বুধবার সকাল ৯টায় তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- কালকিনির এনায়েতনগরের সেলিম সরদারের ছেলে মিলন সরদার (২৬) ও একই এলাকার মালেক সরদারের ছেলে শাকিল সরদার (২৮)।
সিআইডি পুলিশের উপ-পরিদর্শক (এএসআই) নিউটন দত্ত (বিপিএম)জানান, শরিয়তপুরের জাজিরা উপজেলার ন্যাশনাল ব্যাংক থেকে ১৬ আগস্ট ২০ লাখ টাকা ডাকাতি হয়। এ ব্যাপারে জাজিরা থানায় মামলা হলে দায়িত্ব দেওয়া হয় সিআইডি পুলিশকে। এরপর কললিস্টের সূত্র ধরে শরিয়তপুর থেকে পাঁচজনকে গ্রেফতারের পর বুধবার মাদারীপুর থেকে ওই দুই ভুয়া ডিবি পুলিশকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও খেলনা একটি পিস্তল জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেফতার ডিবি পরিচয়ে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, ডাকাতিসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় অর্ধশত মামলা রয়েছে।
জেআই





