বিশ্ববিদ্যালয় ভ্যাট দেবে কোত্থেকে, সরকারের কাছে এমন প্রশ্ন রেখে ভ্যাট প্রত্যাহার করে শিক্ষা খাতে ভতুর্কি দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ(জাসদ)।

রবিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ভ্যাট প্রত্যাহার করে টিউশন ফি নীতিমালার দাবিতে আয়োজিত এক মানববন্ধনে এ আহ্বান জানিয়েছে সংগঠনটির নেতারা।

মানববন্ধনে সংগঠনটির কেন্দ্রীয় সংসদের সভাপতি মুহাম্মদ সামছুল ইসলাম সুমন বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর সাড়ে ৭ শতাংশ ভ্যাট অর্পণ করা হয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয় এই ভ্যাট দেবে কোত্থেকে; এটা ছাত্র-ছাত্রীদের ওপর বর্তাবে।

এই জন্য ভ্যাট প্রত্যাহার করে এই খাতে ভর্তুকির আহ্বান জানান তারা। পাশাপাশি সরকারের পক্ষ থেকে পরিস্কারভাবে বলতে হবে যে এই ভ্যাট কোত্থেকে আসবে।

তিনি বলেন, যেখানে সরকার শিক্ষাখাতে ভর্তুকি দেওয়ার কথা সেটা না করে এই খাতে আরো ভ্যাট অন্তর্ভূক্ত করা হয়েছে। যা কোনোভাবেই ছাত্র-ছাত্রীসহ এদেশের জনগণ মেনে নেবে না।

এই জন্য বিদ্যমান সমস্যাটি সমাধানের জন্য শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষাবিদ ও প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা করে ভ্যাট বাতিল, বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি নির্ধারনের নীতিমালা কিভাবে করা যায় সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য অর্থমন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ডের প্রতি আহ্বান জানান।

পাশাপাশি ছাত্র-ছাত্রীদের শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচীতে পুলিশি নির্যাতনে বন্ধের আহ্বান জানানো হয়।

মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, সংগঠনটির কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক মো. শাহজাহান আলী সাজু, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি আজিজুল ইসলাম পাপ্পু, সাধারণ সম্পাদক গোপাল খন্দকার, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জীবন প্রমূখ।

এমএ/এমকে