রাজধানীর সেগুনবাগিচা এলাকায় একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ ২৯-৯৮২৯) নিয়ন্ত্রণ হারিয়ে বহুতল ভবনের বাউন্ডারির দেয়াল ভেঙে ভেতরে ঢুকে পড়েছে। তবে এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

এ ঘটনায় দু’জনকে আটক করেছে রমনা থানা পুলিশ। আটকরা হলেন-চালক সোহেল (২৮) ও প্রশিক্ষণার্থী রিজভি।

শনিবার দিনগত রাত সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে।

প্রাইভেটকারের মালিক আব্দুল হাই নামক এক ব্যক্তি। তিনি সেগুনবাগিচার সজল টাওয়ারের বাসিন্দা বলে জানান চালক সোহেল (২৮)।

তিনি জানান, মালিকের ভাগিনা রিজভিকে গাড়ি চালানোর প্রশিক্ষণ দিচ্ছিলাম। হঠাৎ রিজভি গাড়ির গতি নিয়ন্ত্রণ করতে না পেরে সেগুনবাগিচার বহুতল ভবন কনকর্ড টাওয়ারের বাউন্ডারি দেয়ালের সঙ্গে লাগিয়ে দেয়। এতে ওই ভবনের দেয়াল ভেঙে গাড়িটি ভেতরে ঢুকে পড়ে।

এ সময় ফুটপাত দিয়ে দুই নারী হেঁটে গেলেও দ্রুত লাফিয়ে তারা প্রাণে বেঁচে যান।

ঘটনার সময় ভবনের ১৭ তলার বাসিন্দা শোভন জানান, আমি বারান্দায় ছিলাম। একটি বিকট শব্দ ও ভবনের কম্পন অনূভব করি। মনে হয়েছিলো ভূমিকম্প হয়েছে। দ্রুত নিচে নামলে এ ঘটনা দেখতে পাই। এতে ভবনের সবার মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।  

রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় গাড়ি চালক সোহেল ও প্রশিক্ষণার্থী শোভনকে আটক করা হয়েছে। গাড়িটি রেকারিং করে থানায় নিয়ে আসা হয়েছে।

এসএইচ