বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) মধ্যেই ভারতের দিল্লি ও চেন্নাই থেকে আরও ৩২৮ জন আটকে পড়া বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) দুটি পৃথক ফ্লাইটে তাদের ফিরিয়ে আনা হয়েছে। ভারতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নয়া দিল্লির বাংলাদেশ হাই কমিশন তথা বাংলাদেশ সরকারের সক্রিয় উদ্যোগ ও সহযোগিতায় তাদের ফিরিয়ে আনা হয়। দিল্লি থেকে বাংলাদেশ বিমানে ১৬২ জন ও চেন্নাই থেকে ইউএস বাংলা এয়ারলাইন্স যোগে ১৬৬ জন দেশে প্রত্যাবর্তন করেছেন। এদের মধ্যে অধিকাংশই চিকিৎসাধীন রোগী। তবে বেশ কিছু ছাত্র-ছাত্রী রয়েছেন।
দিল্লি থেকে যাত্রার পূর্বে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার মোহাম্মদ ইমরানের নেতৃত্বে দূতাবাস কর্মকর্তাদের একটি দল যাত্রীদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করে।
শনিবার আরও একটি ফ্লাইটে চেন্নাই থেকে ১৬৪ জন বাংলাদেশি দেশে ফেরার কথা রয়েছে; যাদের অধিকাংশ যাত্রী বেঙ্গালুরু নারায়না হাসপাতালে চিকিৎসার জন্য এসে আটকে পড়েছিলেন। উভয় দেশের সরকারের অনুমোদন সাপেক্ষে ভবিষ্যতে প্রয়োজনে আরও ফ্লাইট পরিচালনার ব্যবস্থা করা হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এমবি





