বেতন-ভাতা বৃদ্ধির দাবি মেনে নিতে কর্তৃপক্ষের আর কালক্ষেপণ মেনে নেওয়া হবে না জানিয়ে ১৫ দিনে সময় বেঁধে দিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ডিএমসিএইচ) শিক্ষানবিস চিকিৎসকরা।

অন্যথায় পূর্ণদিবস কর্মবিরতি এবং লাগাতার কর্মবিরতির মতো কঠোর আন্দোলনের ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন তারা।

‘ইন্টার্ন চিকিৎসকদের বেতন-ভাতা বৃদ্ধির ন্যায্য দাবিতে এবং সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণে প্রশাসনের উদাসীনতা ও কালক্ষেপণের প্রতিবাদে’ রবিবার জাতীয় শহীদ মিনারে অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট কর্মসূচি থেকে চিকিৎসকরা এ কথা জানান।

অবস্থান ধর্মঘটে অংশ নেওয়া ডা. সুব্রত বলেন, ‘কয়েক বছর ধরেই আমাদের বেতন-ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে আসছি। কিন্তু বছরের পর বছর গেলেও কর্তৃপক্ষের আশ্বাস ছাড়া আমরা আর কিছুই পাইনি। তাই আমাদের দাবি আদায়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য আজ সারাদেশে সকল মেডিকেল কলেজের শিক্ষার্থীরা সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করছি।’

আজকের অর্ধদিবস কর্মবিরতিতে চিকিৎসাসেবায় কোনো ব্যাঘাত ঘটছে না জানিয়ে তিনি বলেন, ‘আমরা সিনিয়রদের বলে এসেছি ১২টার মধ্যেই কর্মে যোগ দেব। আমরা প্রতিদিন ১২-১৪ ঘণ্টা কাজ করি, কিন্তু আমাদের মতো কোনো পেশাতেই এত কম মূল্যায়ন হয় বলে জানা নেই। তাই আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবিতে কর্মসূচি দিতে বাধ্য হয়েছি।’

আগামী ১৫ দিনের মধ্যে দাবি আদায় না হলে পূর্ণদিবস কর্মবিরতি কিংবা লাগাতার কর্মবিরতির মতো কঠোর কর্মসূচি ঘোষণা আসতে পারে বলেও জানান তিনি।

রোগীর সেবায় শিক্ষানবিস চিকিৎসকরাই বেশি নিয়োজিত দাবি করে ডা. সালমান সালেহীন বলেন, ‘ঈদের ছুটি, শুক্রবারসহ অন্যান্য সরকারি ছুটির দিনেও আমরা দায়িত্ব পালন করে থাকি। রোগীর সেবা করতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু এর সঠিক মূল্যায়নটা তো আমরা আশা করতে পারি।’

এএইচ