টাঙ্গাইলে স্ত্রী হত্যার দায়ে এক স্বামীকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরীফ উদ্দিন আহম্মেদ আজ মঙ্গলবার এ রায় দেন। দণ্ডিত ব্যক্তি হলেন- টাঙ্গাইলের মধুপুর উপজেলার কাইতকাইত গ্রামের মেসের আলীর ছেলে নাসির উদ্দিন (২৪)।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, গত ২০১২ সালের ২ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে নাসির উদ্দিন যৌতুকের ২০ হাজার টাকার দাবিতে স্ত্রী নুরজাহানকে (২০) শ্বাসরোধ করে হত্যা করে। পরে নিহতের পিতা জিয়াউল হক বাদি হয়ে মধুপুর থানায় মামলা দায়ের করেন।

রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনা করেন টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি নাছিমুল আক্তার শামীম। তাকে সহযোগিতা করেন এপিপি আব্দুল কদ্দুস। আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক।

এমআর