বিজয় দিবসে রাস্তায় উচ্ছৃঙ্খলভাবে মোটরবাইক চালাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে অন্তত ১০ কাপল। মঙ্গলবার বেলা পোনে ১টার দিকে রাজধানীর বাংলামটর এলাকায় এ দুঘর্টনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এ ঘটনায় অন্তত ৬ জন আঘাতপ্রাপ্ত হলেও রাস্তা অনেকটাই ফাঁকা থাকায় বড় ধরনের জখম হয়নি কেউ।   

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, প্রতিটি হুন্ডায় একজন তরুন ও একজন তরুনী ছিল। এরকম প্রায় ১০ জোড়া তরুণ-তরুণী মোটরবাইকে একসাথে চলছিল। কিন্তু তাদের মোটরবাইকের গতি ছিল অস্বাভাবিক এবং চালানো ধরনে ছিল উচ্ছৃঙ্খলতা।

ফার্মগেটের দিক থেকে এসে বাংলামটর মোড় পেরিয়ে আরেকটু সামনে এসেই হঠাৎ একটি মোটরবাইক নিয়ন্ত্রন হারিয়ে আরেকটির গায়ে ধাক্কা দেয়। মুহুর্তের মধ্যেই ঘটে যায় লঙ্কাকাণ্ড। এক সিরিয়ালে একটি পর একটি মোটরবাইক ধাক্কা লাগে পরস্পরের গায়ে। রাস্তায় ওপর পড়ে যায় সবগুলো গাড়িই।

প্রত্যক্ষদর্শী কয়েকজন পথচারী বলেন, বিজয় দিবসের ছুটি থাকায় রাস্তায় ওই মুহুতেূ কোন বাস বা বড় যান না থাকায় বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেল।

এদিকে, সামান্য আহত তরুণ তরুণীরা বেশ কিছুক্ষণ ঘটনাস্থলেই বিহবল হয়ে দাঁড়িয়ে থাকে। পরে স্বাভাবিকভাবে মোটরবাইক চালিয়ে চলে যায়।

এ ঘটনাটি নিয়ে রাস্তায় পথচারিদের বেশ কিছুক্ষণ হাসাহাসি করতে দেখা যায়। এ সময় অনেকেই বলতে থাকেন একদম সঠিক কাজটিই হয়েছে, উচ্ছৃঙ্খলতার ফল এভাবেই তাৎক্ষণিক পাওয়া দরকার।

কেবি