নিরাপত্তা বাহিনীর ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে খাগড়াছড়িতে ইউপিডিএফ ও সহযোগী সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মীকে আসামি করে মামলা হয়েছে। বুধবার রাতে খাগড়াছড়ি ৩২ বিজিবির নায়েক সুবেদার আব্দুল হক বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মো. আব্দুল হান্নান জানান, মামলায় ২৬ জনের নাম উল্লেখ করে আরও ২০-৩০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। মামলায় ইউপিডিএফের সংগঠক মিঠুন চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিপুল চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদিকা দ্বিতীয়া চাকমার নাম রয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, বুধবার খাগড়াছড়িতে মিছিলে বাধা দেওয়াকে কেন্দ্র করে ইউপিডিএফ ও হিল উইমেন্স ফেডারেশন কর্মীদের হামলা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নয় সদস্য আহত হয়। পুলিশ এ ঘটনায় ১৯ জনকে আটকের পর রাতে ১১ জনকে ছেড়ে দেয়। এদিকে দলীয় নেতাকর্মীকে আটকের ঘটনার জের ধরে জেলার বিভিন্ন সড়কে ২৫টি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে ইউপিডিএফ কর্মীরা।





