মাদারীপুরের বিভিন্ন এলাকায় বন্যায় ও নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এসেছে জেলার প্রবাসী তরুণেরা।
বুধবার সকালে শিবচর উপজেলার পদ্মার ভাঙনকবলিত চরজানাজাত ইউনিয়নের খাসেরহাট গ্রামের ক্ষতিগ্রস্তদের মধ্যে ‘শিবচর প্রবাসী কল্যাণ পরিষদ’ এর ব্যানারে ত্রাণ বিতরণ করেন স্পেন, ইতালি ও কুয়েতসহ বিভিন্ন দেশে কর্মরত প্রবাসীরা।
এসময় তারা ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারকে ১০ কেজি করে চাল, ১ কেজি ডাল ও ১ কেজি করে লবণ প্রদান করেন।
ত্রাণ বিরতণকালে সংগঠনের সদস্য সোহাগ মুন্সী, এইচ এম ফারুক, ফয়সাল মোল্লা, আকরাম মোড়ল ও উজ্জল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে, শিবচরে পদ্মা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্তদের মধ্যে উপজেলা পরিষদের পক্ষ থেকেও টিন বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে জেলার শিবচর উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা পরিষদের নিজস্ব পিডিবি তহবিল থেকে এ টিন বিতরণ করা হয়। এসময় ক্ষতিগ্রস্ত চরজানাজাত ইউনিয়নের ঘরবাড়ি হারা একশ পরিবারের প্রত্যেককে এক বান্ডিল করে টিন দেওয়া হয়
টিন বিতরণকালে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইকবাল হুসাইন, উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম তালুকদার ও ভাইস চেয়ারম্যান বিএম দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
জেআই





