সোস্যাল মিডিয়া সংলাপের পর এবার আয়কর বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করতে বিভিন্ন মিডিয়ার সম্পাদকদের সঙ্গে মতবিনিময় আয়োজন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

জাতীয় আয়কর মেলার ষষ্ঠ দিনে সোমবার বিকেল সাড়ে ৩টায় রাজধানীর অফিসার্স ক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সভায় ইলেট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সম্পাদকদের উপস্থিত থাকার কথা রয়েছে।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করবে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ সচিব ও এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান। প্রধান অতিথি হিসেবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের উপস্থিত থাকার কথা রয়েছে।

এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মুমেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ১২ সেপ্টেম্বর আয়কর মেলায় সোস্যাল মিডিয়া রাজস্ব সংলাপের আয়োজন করেছিল এনবিআর। সংলাপে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সাতদিনব্যাপী আয়োজিত আয়কর মেলা আগামীকাল মঙ্গলবার শেষ হওয়ার কথা রয়েছে। আয়কর মেলা থেকে পঞ্চম দিনে ২৪১ কোটি ৭৩ লাখ ৭ হাজার ৮৯ টাকা আয়কর আদায় হয়েছে। মোট পাঁচ দিনে ১ হাজার ৩৩৮ কোটি ৩৭ লাখ টাকা আয়কর আদায় হয়েছে।

গত বুধবার রাজধানীর অফিসার্স ক্লাবে সপ্তাহব্যাপী আয়কর মেলার উদ্বোধন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

এমকে