কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনুর খুনিদের গ্রেপ্তার না হওয়ার প্রতিবাদ জানিয়ে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।
রোববার দিনভর নানা কর্মসূচির পর বিকাল ৫টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেয় শতাধিক শিক্ষার্থী। তারা সড়কে গোল হয়ে বসে খুনি গ্রেপ্তারের দাবিতে নানা স্লোগান দিতে থাকে।
তাদের অবস্থানের কারণে গুরুত্বপূর্ণ ওই মোড়ে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে তোলার চেষ্টা করার কথা জানান শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) জাফর আলী বিশ্বাস।
এরপর সাড়ে ৫টার দিকে শিক্ষার্থীরা উঠে গেলে সচল হয় সড়ক, পুনরায় শুরু হয় গাড়ি চলাচল।
তনুর খুনিদের গ্রেপ্তার দাবিতে শনিবার সকালেই শাহবাগ মোড় থেকে কুমিল্লা অভিমুখে রোড মার্চ শুরু করে গণজাগরণ মঞ্চ। এছাড়া বিভিন্ন সংগঠনও মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
গত ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাস এলাকায় নিজের বাসার কাছে খুন হন ভিক্টোরিয়া কলেজের ছাত্রী তনু। হত্যার আগে তাকে ধর্ষণ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
এমআইএস।





