কাজীপুর উপজেলার চরাঞ্চলে অবস্থিত ঐতিহ্যবাহী নাটুয়ারপাড়া হাট ও বাজার নদী ভাঙ্গনের কবলে পড়েছে। এতে ব্যবসায়ীরা রয়েছেন চরম ঝুঁকির মধ্যে। নাটুয়ারপাড়া হাট-বাজারটি কাজীপুরের চরাঞ্চলে অবস্থিত ৬টি ইউনিয়নের প্রাণকেন্দ্র।
চরাঞ্চলের উত্পাদিত মরিচ, বাদাম, ভুট্টা, কাউন, সরিষা, পাট, ধান ও সবজির একমাত্র পাইকারি বাজার এই হাট। সপ্তাহে বুধ ও শনিবার হাটবারে উত্তরে সারিয়াকান্দি, পশ্চিমে ধুনট, পূর্বে সরিষাবাড়ি, দক্ষিণে রুপসা-নলীন-ভুয়াপুর ও সিরাজগঞ্জ সদর থেকে ব্যবসায়ীরা নৌকাযোগে আসে।
প্রতি হাটবারে প্রায় কোটি টাকার লেনদেন হয়। এই চরেই রয়েছে একটি ডিগ্রি কলেজ, ব্যাংক, নির্মিত হচ্ছে পুলিশ ফাঁড়িসহ গুরুত্বপূর্ণ স্থাপনা। আর চরাঞ্চলের প্রত্যেকটি ইউনিয়নের সাথে এই হাটের যোগাযোগ রয়েছে। নব্বইয়ের দশকে নাটুয়ারপাড়া হাট ভাঙনের কবলে পড়ে।
সরেজমিনে নাটুয়ারপাড়া বাজারে গিয়ে দেখা যায়, তীব্র ঘূর্ণাবর্তের ফলে ভাঙন শুরু হয়েছে। বাজারের ব্যবসায়ী প্রভাষক আতাউর রহমান জানান, এর মধ্যে প্রায় ১০/১২টি ব্যবসা প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
ঢাকা, ১৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





