রাজধানীর খিলক্ষেত পূর্বপাড়া এলাকা থেকে অপহরণকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় আবরার হোসেন সানী (৩) নামের এক অপহৃত শিশুকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া শিশুটি খিলক্ষেত ৭৪/ক পূর্বপাড়ার মো. মনির হোসেনের ছেলে।

গ্রেফতারকৃতরা হলেন- মো. আবুল বাসার (৩৫), মো. কাওসার (২৫) এবং মো. রাসেল (২০)।

রোববার র‌্যাবেব সদর দফতরের গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মাকসুদুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ১৭ জুন খিলক্ষেত এলাকা থেকে মো. মনির হোসেনের ছেলে আবরার হোসেন সানীকে (৩) তার বাসার সামনে থেকে নিয়ে যায় অপহরণকারীরা।

পরে তারা মোবাইল ফোনে কল করে ৫ লাখ টাকা দাবি করে। দাবিকৃত টাকা না দিলে শিশুটিকে মেরে ফেলা হবে বলে হুমকি দেয় অপহরণকারীরা। এ ঘটনার পর মনির হোসেন খিলক্ষেত থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জিডির সূত্র ধরে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে প্রথমে মনিরের দোকানের কর্মচারী আবুল বাসার ও রাসেলকে খিলক্ষেত কুড়াতলী থেকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্য অনুযায়ী রোববার ভোর ৬টার দিকে র‌্যাব-১-এর একটি দল তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান মাকসুদুল আলম।

এমকে