এতিম, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও আলেমদের সঙ্গে ইফতার করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী ইফতারীর বিভিন্ন টেবিল ঘুরে ঘুরে অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের কুশল সম্পর্কে খোঁজ-খবর নেন।
ইফতারের আগে জাতির অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা এম সালাউদ্দিন আহমেদ মোনাজাত পরিচালনা করেন।
মোনাজাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব ও ১৫ আগস্টের অন্যান্য শহীদ, চার জাতীয় নেতা, স্বাধীনতা যুদ্ধে শহীদ এবং বিভিন্ন গণআন্দোলনে নিহত বীরদের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়।
ধর্মবিষয়ক মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, সমাজকল্যাণ মন্ত্রী মহসীন আলী, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এ কে এম মোজাম্মেল হক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আবদুল্লাহ, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আবদুস সোবহান শিকদার এবং প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।
ঢাকা, ১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেএ





