শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনেও হিলি স্থলবন্দরের ওয়্যার হাউজ পানামা হিলি পোর্টের ভেতর হতে পণ্য সরবরাহসহ বন্দরের ভেতরের সব কার্যক্রম চালু রয়েছে। তবে বন্দর দিয়ে দু-দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য পুরোপুরি বন্ধ রয়েছে।
শুক্রবার সকাল থেকেই বন্দরের ওয়্যার হাউজ পানামা হিলি পোর্টের ভেতরে পণ্য লোড-আনলোডসহ বন্দরের ভেতরের কার্যক্রম চালু হয়েছে এবং বন্দর থেকে পণ্য ডেলিভারি কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম শাহীন জানান, গত বুধবার ও বৃহস্পতিবার হরতালের কারণে বন্দর থেকে দেশের অভ্যন্তরে পণ্য পরিবহণ সরবরাহ খানিকটা কম হয়েছে। এ ছাড়াও গত দুদিনে হিলি বন্দর দিয়ে ভারত থেকে প্রচুর পরিমাণে চাল আমদানি হওয়ার ফলে বন্দরের ভেতরে জায়গা সংকটের কারণে পণ্যজটের সৃষ্টি হয়েছে। তাই দেশের বাজারে পণ্য সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে ও বন্দরের পণ্যজট কমাতে ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে বন্দর কর্তৃপক্ষ শুক্রবারেও বন্দরের কার্যক্রম খোলা রেখেছে।
পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের সহকারী ব্যবস্থাপক (প্রশাসন-অপারেশন) এসএম হায়দার বিষয়টি নিশ্চিত করে জানান, বন্দরের পণ্যজট কমানোর স্বার্থে শুক্রবার ছুটির দিনেও বন্দরের ভেতরের সব কার্যক্রম খোলা রাখা হয়েছে।
জেআই





