ঘন কুয়াশার কারণে মা‌নিকগ‌ঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে সা‌ড়ে ১১ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল শুরু হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যাল‌য়ের সহকারী ব্যবস্থাপনা পরিচালক (এজিএম) না‌ছির মোহাম্মদ চৌধুরী আজ শুক্রবার সকালে এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন।

এজিএম জানান, সন্ধ্যা রা‌ত থেকেই পদ্মায় কুয়াশা পড়তে থাকে। রাত সা‌ড়ে ১১টার দিকে কুয়াশার মাত্রা বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি, লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশা কাটার পর আজ বেলা ১১টায় ফের ফেরি চলাচল স্বাভাবিক হয়।

এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় নদীর দুই পাড়ে পারাপারের অপেক্ষায় আটকা পড়ে ছয় শতাধিক যানবাহন।আটকা পড়া এসব যানবাহনের যাত্রীরা, বিশেষ করে নারী ও শিশুরা চরম ভোগান্তির শিকার হন।

ফেরি চলাচল শুরু হ‌লে যানবাহ‌নের শ্রমিক ও সাধারণ যাত্রী‌দের ম‌ধ্যে স্বস্তি ফি‌রে আসে।

এমআর