কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ আমিরুল ইসলাম আমির (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার রাত ১টার দিকে সদর উপজেলার কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের আলামপুরে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশের সহকারী উপপরিদর্শক সোহাগ মিলন ও কনস্টেবল হুমায়ুন কবির আহত হয়েছে। ঘটনাস্থল থেকে একটি দেশে তৈরি এলজি, তিনটি গুলি, একটি করাত ও একটি হাঁসুয়া উদ্ধার করা হয়েছে।

নিহত আমিরের বাড়ি কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমবাড়িয়া গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে। কুষ্টিয়া পুলিশের গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের আলামপুরে সড়কে ডাকাতির জন্য একদল ডাকাত অবস্থান নিয়েছে।

এ সংবাদের ভিত্তিতে আলামপুর ক্যাম্প পুলিশ ও ডিবি পুলিশের সদস্যরা ঘটনাস্থলে অভিযান চালায়। এসময় ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। প্রায় ৩০ মিনিটব্যাপী চলা বন্দুকযুদ্ধে পর ডাকাত সদস্যরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে একটি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সবুজ/এমই/নাজিব