চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার জামায়াত আমীর ইউনুস আলীসহ ১৫ জামায়াত নেতাকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেল ৫টার দিকে শিবগঞ্জ ইসলামী অ্যাকাডেমির অফিস থেকে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে রয়েছেন, শিবগঞ্জ উপজেলা জামায়াতের আমীর ইউনুস আলী, নায়েবে আমীর মনিরুল ইসলাম, সাদিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সেফাউল মুলকসহ ১৫জন।
পুলিশের দাবি গোপন মিটিং করছিল তারা। এ সময় ককটেল, পেট্রোলবোমা ও গানপাউডার উদ্ধার করা হয়।
শিবগঞ্জ থানার ওসি এম.এম ময়নুল ইসলাম জানান, বিকেলে শিবগঞ্জ ইসলামী অ্যাকাডেমিতে জামায়াতের নেতারা একত্রিত হয়ে গোপন মিটিং করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। বিকেল ৫টার দিকে সেখান থেকে ১৫ জনকে আটক করা হয়। এ সময় ১০টি ককটেল, ৮টি পেট্রোল বোমা ও পাঁচশ গ্রাম গানপাউডার উদ্ধার করা হয়।
এদিকে পৌর জামায়াতের আমির গোলাম আজম জানান, সংগঠনের মাসিক মিটিংয়ের সময় পুলিশ জামায়াতের ১৫ নেতাকে আটক করে। কিন্তু ককটেল, পেট্রোলবোমা ও গানপাউডারের নাটক সাজিয়েছে পুলিশ।
এএইচ





