মাগুরায় মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধের ঘটনার ২ নম্বর আসামী মো. আলী বৃহস্পতিবার দুপুরে মাগুরার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমতিয়াজুল ইসলামের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। আসামীর পক্ষে কোন জামিন আবেদন না থাকায় ১৬৪ ধারায় জবানবন্দী গ্রহনের পর আলীকে জেল হাজতে পাঠানো হয়েছে।
এর আগে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় মাগুরা পুলিশ সুপারের অফিসে আলীকে সাংবাদিকদের সামনে হাজির করে তাকে গ্রেফতারের কথা স্বীকার করা হয়।
এসময় জানানো হয়, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মাগুরা জজ আদালতের পাশে মহিলা কলেজ সড়ক থেকে আলীকে ডিবি পুলিশ গ্রেফতার করে।
উল্লেখ্য, গত ২৩ মার্চ বিকালে মাগুরা শহরের দোয়ারপাড়া এলাকায় ক্ষমতাসীন দলের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তারের লড়াইকে কেন্দ্র প্রতিপক্ষের হামলায় গর্ভের শিশুসহ মা নাজমা বেগম পেটে গুলিবিদ্ধ হন। গুলিতে আওয়ামী লীগ কর্মী মোমিন ভূইঁয়া নিহত হন। এ ঘটনায় মোমিন ভূইঁয়ার ছেলে জুয়েল ১৬ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেন। এ মামলায় আলী হোসেনের বিরুদ্ধে নাজমা বেগমের তল পেটে গুলিবিদ্ধ করার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এজাহার নামীয় ১৬ আসামীর মধ্যে ১৪ জন গ্রেফতার হয়েছে। এদের মধ্যে আসামী আজিবর পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত হয়েছে।
জেআই





