কুষ্টিয়ায় এক অটোরিকশাচালককে খুন করে পালানোর সময় এক যুবককে খুনি সন্দেহে আটক করে পুলিশে দিয়েছে সাধারণ জনতা।
জেলার দৌলতপুর উপজেলায় খলিশাকুণ্ডি ইউনিয়নে বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
ইউনিয়নের মৌবাড়িয়া-শ্যামপুর মাঠ এলাকা থেকে পরে অটোরিকশাচালক বিজয়ের লাশটি উদ্ধার করা হয়। অটোরিকশাচালক বিজয় মেহেরপুর জেলার গাংনি উপজেলার বামুন্দি এলাকার আব্দুল হাকিমের ছেলে। আর এ ঘটনায় আটক সন্দেহভাজন ছিনতাইকারী রকির (২৬) বাড়ি একই উপজেলার বাওট গ্রামে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজম খান বলেন, রাতে তিন ছিনতাইকারী যাত্রী বেশে বিজয়ের অটোরিকশা ভাড়া করেন। মৌবাড়িয়া-শ্যামপুর মাঠ এলাকায় চালকের পেটে ছুরিকাঘাত করা হয়। এ সময় চালক চিৎকার করেন। তখন তাঁর গলায় ছুরিকাঘাত করা হয়।
পরে জনতা ধাওয়া দিয়ে রকি নামে এক ছিনতাইকারীকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। অপর দুই ছিনতাইকারীকেও আটকের চেষ্টা হচ্ছে বলে জানান ওসি। তিনি আরো জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
জেড





