টানা অবরোধে কাঁচামাল সরবরাহ না হওয়ায় বন্ধ হয়ে গেলো বরিশালের হাজারো শ্রমিকের কর্মস্থল সোনারগাঁও টেক্সটাইলস মিল।
শনিবার থেকে প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে কবে নাগাদ পুনরায় প্রতিষ্ঠানটি খোলা হবে তা বলতে পারছে না কর্তৃপক্ষ। হঠাৎ করে মিল বন্ধ হয়ে যাওয়ায় হতাশ প্রায় এক হাজার শ্রমিক।
মিলটির প্রজেক্ট পরিচালক মো. শাহ আলম জানান, বর্তমান দেশের সার্বিক পরিস্থিতির কারণে গত সপ্তাহ থেকে কাঁচামাল সরবরাহ করা হয়নি।
তিনি বলেন, ‘প্রতি সপ্তাহে দেশের বিভিন্ন স্থান থেকে ৩/৪টি ট্রাকে কাঁচামাল (তুলা) আসে। কিন্তু গত কয়েক দিন অব্যাহত অবরোধের কারণে ট্রাক আসেনি। তাই কাঁচামাল সরবরাহ করা হয়নি। এ ছাড়া ট্রাকে কাঁচামাল আনতে হলে দ্বিগুণ হাড়ে ভাড়া গুণতে হবে। তাই সাময়িকভাবে মিল বন্ধ ঘোষণা করা হয়েছে।’
এ দিকে শনিবার সকালে শ্রমিকরা অনেকটা ক্ষুব্ধ হয়ে মিল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে। পরে অবরোধের কারণে কাঁচামাল সরবরাহ না হওয়ার কারণ দেখালে শ্রমিকরা শান্ত হয়। তবে বন্ধ থাকা অবস্থাতে শ্রমিকদের ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানা গেছে।
উল্লেখ্য, এক সময় এই মিলে গড়ে প্রতিদিন ১০ থেকে ১৫ হাজার পাউন্ড সুতা উৎপাদন হতো। কিন্তু নানান কারণে গত বছর থেকেই উৎপাদন কমে আসছে। গত দুই মাস বিদ্যুতের বকেয়া হয় দুই কোটি টাকা। বকেয়া টাকা শোধ না করায় সংযোগ বিছিন্ন করে বিদ্যুৎ বিভাগ। এ কারণে গত দুই মাস থেকে মিলের বৃহত্তর ৩ নম্বর ইউনিটটি বন্ধ করে দেওয়া হয়। তবে ১ ও ২ নম্বর ইউনিট চালু ছিল। এতে উৎপাদন নেমে আসে এক থেকে দেড় হাজার পাউন্ডে। এরপর আবার গত ডিসেম্বর মাসে হাজারো শ্রমিককে বেতন দিতে পারেনি কর্তৃপক্ষ। সেখানেও প্রায় অর্ধ কোটি টাকা বকেয়া রয়েছে।
জেএ





