মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীর মামলার রায়কে সামনে রেখে বুধবার সকাল ১০টা থেকে রাজধানীর শাহবাগে অবস্থান নেবে গণজাগরণ মঞ্চের একাংশ।
মঙ্গলবার বিকাল পৌঁনে ৫টায় শাহবাগ যাদুঘরের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জাগরণ মঞ্চের একাংশের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।
ইমরান সরকার বলেন, যুদ্ধাপরাধ মামলায় আমৃত্যু সাজাপ্রাপ্ত জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়ের রিভিউ আপিল, যুদ্ধাপরাধীদের বিচারের ক্ষেত্রে রাষ্ট্রপতির ক্ষমার বিধান রহিতকরণ এবং যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে জামায়াত-শিবির নিষিদ্ধসহ ৬ দফাভূক্ত দাবিগুলো সামনে রেখে দুই দফায় টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত জাগরণ যাত্রা করবে গণজাগণ মঞ্চ।
প্রধান দফায় আগামী বৃহস্পতিবার সকাল ৮টায় শাহবাগ থেকে তেঁতুলিয়ার উদ্দেশে যাত্রা করবে গণজাগরণ মঞ্চ। পথিমধ্যে বিভিন্ন জেলায় তারা সমাবেশ করবেন।
নিজামীর বিরুদ্ধে ট্রাইব্যুনালের দেয়া রায় প্রত্যাশিত না হলে জাগরণ যাত্রা কর্মসূচিতে কোনো পরিবর্তন আসবে কিনা জানতে চাইলে তিনি বলেন, রায় যদি প্রত্যাশিত না হয় পরবর্তী পদক্ষেপ তাৎক্ষণিকভাবে সংবাদ মাধ্যমকে জানানো হবে।
বুধবার মতিউর রহমান নিজামীর যুদ্ধাপরাধের মামলার রায় দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
জেআই





