মুক্তমনা ব্লগার ও বিজ্ঞান লেখক অভিজিৎ রায় হত্যাকাণ্ড ঘটনা ছাড়া পুলিশ সব ক্ষেত্রেই সফলতা পেয়েছে বলে দাবি করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল হক।

রবিবার বিকেল সাড়ে ৫টায় অমর একুশে বইমেলা প্রাঙ্গণ পরিদর্শনে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পুলিশপ্রধান বলেন, ‘আমরা সকল ক্ষেত্রে সফলতা পেয়েছি। প্রত্যেকটি ঘটনার আসামি গ্রেফতার করেছি। তারা জবানবন্দিও দিয়েছে। মাত্র একটি ঘটনা (অভিজিৎ) ছাড়া। সিসি টিভির ফুটেজ দেখে অনেককে চিহ্নিত করতে পেরেছিলাম। তবে তাদের লোকেট করতে পারেনি। তারপরও আমরা হতাশ হয়নি। আটকের চেষ্টা অব্যাহত আছে।’

গত বছরে টিএসসি সংলগ্ন এলাকায় বইমেলা থেকে ফেরার পথে সস্ত্রীক হামলার শিকার হন বিজ্ঞান লেখক ও ব্লগার অভিজিৎ রায়। সন্ত্রাসীদের হামলায় নিহত হন তিনি। গুরুতর আহত হন তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যা। এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।

অভিজিৎ হত্যার সময় পুলিশের দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছিল, এ বিষয়ে এবার কোনো পদক্ষেপ রয়েছে কিনা— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পুলিশ সদস্যরা যাতে সঠিকভাবে দায়িত্ব পালন করেন তার জন্য তাদের প্রযোজনীয় নির্দেশনা ও মোটিভেশন করা হবে। তবে অতীতের সফলতা-বিফলতা বিচার বিশ্লেষণ করে নতুন আঙ্গিকে এবার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি।’

শহিদুল হক বলেন, ‘গত বছরে কিন্তু ভেন্যুতে দুর্ঘটনা ঘটেনি। যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটেছে। এই বিষয়টি মাথায় রেখে শুধু বইমেলা নয়, শাহবাগ থেকে দোয়েল চত্বর, নীলক্ষেত পর্যন্ত নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হবে।’

দর্শনার্থীদের নিরাপত্তার জন্য পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তা বাহিনীর পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করবেন বলেও জানান তিনি।

পুলিশপ্রধান বলেন, ‘তল্লাশি ছাড়া কাউকে মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে দেওয়া হবে না। এক্ষেত্রে পুলিশকে সহযোগিতা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, ‘পুলিশ কারোর ব্যাগ বা দেহ তল্লাশি করতে চাইলে অনেকে এটা ভালো চোখে দেখেন না। বিরক্ত হন। এটা কিন্তু জনগণ ও ব্যক্তির জন্যই ভালো।

তল্লাশি করা অপমানের নয় বরং পুলিশকে সহযোগিতা করা নাগরিকদের দায়িত্ব। নিরাপত্তার জন্য আর্চওয়ে, ওয়াচ টাওয়ার থাকবে। এছাড়া ২০০ শোর অধিক ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন করেছি। কন্ট্রোল রুমে সিনিয়র অফিসাররা তা তদারকি করবেন।’

শতভাগ নিরাপত্তা বলে কিছু নেই

এই বইমেলাতে লেখক-প্রকাশক কতটা নিরাপত্তা বোধ করবেন জানতে চাইলে শহিদুল হক বলেন, ‘তারা পূর্ণ নিরাপত্তা পাবেন। শতভাগ নিরাপত্তা বলতে পৃথিবীতে কিছু নেই। হোয়াইট হাউসেও হামলা হতে পারে। আমরা আমাদের ব্যবস্থায় তাদের পূর্ণ নিরাপত্তা দেব।’

এসএইচ