লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) শেখ মুর্শিদুল ইসলামকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। আজ মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এই এডিসিকে লাঞ্ছিত করার অভিযোগে গতকাল সোমবার লক্ষ্মীপুর জেলার অবসরপ্রাপ্ত সিভিল সার্জন সালাহ উদ্দিন শরীফকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নুরুজ্জামান। সাজা ঘোষণার পর সোমবার দুপুরেই তাঁকে কারাগারে পাঠানো হয়।

এক দিন কারাগারে থাকার পর আজ মঙ্গলবার জামিনে মুক্তি পেয়েছেন সাবেক এই সিভিল সার্জন। আজ বেলা সাড়ে ১১টার দিকে তাঁর জামিন মঞ্জুর করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর শওকত হোসেন।

এরপর দুপুরে লক্ষ্মীপুর জেলা বিএমএর সভাপতি আশফাকুর রহমানসহ চিকিৎসকেরা জেলা কারাগার থেকে সালাহ উদ্দিনকে নিয়ে সিভিল সার্জন কার্যালয়ে যান।

এমএ