কক্সবাজারের পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ৪ জন নিহত হয়েছে। 

শুক্রবার দিবাগত রাতে জেলার টেকনাফ উপজেলার নুরুলঘোড়া পাহাড় ও মেরিন ড্রাইভ সড়কে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহতরা মাদক ব্যবসায়ী ও ডাকাত দলের সদস্য বলে পুলিশের দাবি। 

টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাস গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, ‘শুক্রবার ভোর ৪টার দিকে টেকনাফের নুরুল্লাগুনা নামক পাহাড়ে এক দল ডাকাত অবস্থান করছে খবর পেয়ে অভিযানে যায় পুলিশ। এ সময় পুলিশের ওপর গুলি চালায় ডাকাতরা। পরে পুলিশও পাল্টা গুলি চালালে ৩ জন নিহত হন।’

এছাড়া বৃহস্পতিবার রাত ২টার দিকে মেরিন ড্রাইভ সড়কের ধজাপাড়া এলাকায় দু’দল সন্ত্রাসীর নিজেদের মধ্যে গোলাগুলিতে একজন নিহত হয়েছেন বলেও জানিয়েছেন ওসি।

উল্লেখ্য, এই বছরের প্রথম ছয় মাসে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে 'বন্দুকযুদ্ধে' ২০৪ জন নিহত হয়েছেন বলে মানবাধিকার সংস্থা-আইন ও সালিশ কেন্দ্রের (আসক) এক প্রতিবেদনে উঠে এসেছে।