দুই বিদেশি হত্যাকাণ্ডকে ‘ষড়যন্ত্র ও টার্গেট কিলিং’ বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, তদন্ত শেষে রহস্য উদ্‌ঘাটন হলেই মূল বিষয়টি বেরিয়ে আসবে এবং এই ষড়যন্ত্রে কারা ছিল তাও বের করা হবে।

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলেও দাবি করে আইজিপি বলেন, বিদেশিদের নিরাপত্তার ব্যাপারে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে।

শহীদুল হক বলেন, দেশে দু-একটি ঘটনা ঘটলেই যে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে তা বলা যাবে না। যেসব ঘটনা ঘটছে তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্ত হচ্ছে এবং দক্ষ তদন্ত কর্মকর্তাদের সেখানে নিয়োজিত করা হয়েছে। তদন্তে সবকিছু উদ্‌ঘাটন শেষে এর রহস্য জাতির সামনে তুলে ধরা হবে।

তিনি বলেন, পুলিশের প্রতি জনগণের আস্থা থাকতে হবে এবং পুলিশকে সময় দিতে হবে।

আইএস বা জঙ্গিবাদ সন্দেহে যাদের ধরা হচ্ছে তাদের বিষয়ে তদন্ত চলছে বলে জানান পুলিশের সর্বোচ্চ এই কর্মকর্তা।

এর আগে তিনি শহরের বিপণিবাগ এলাকায় জেলা কমিউনিটি পুলিশের কার্যালয় উদ্বোধন করেন। এ ছাড়া তিনি জেলা কমিউনিটি পুলিশের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে যোগ দেন।

এ সময় চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম, ডিআইজি অপারেশন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কেএইচ