প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতিবেশী দেশের সাথে ভালো সম্পর্ক বলেই ভারতের কাছ থেকে জমি আদায় করতে পেরেছে আওয়ামী লীগ সরকার।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ-ভারত স্থল সীমান্ত চুক্তি হওয়াটা কূটনৈতিক সাফল্য। তিনি এ খাতের সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
এসময় প্রধানমন্ত্রী দেশে জঙ্গি কর্মকাণ্ড যাতে মাথাচাড়া দিয়ে না উঠতে পারে সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকার নির্দেশ দেন।
তিনি বলেন, জঙ্গিবাদী কর্মকাণ্ড ‘অঙ্কুরেই’যেন শেষ করা হয়।
বিএনপি-জামায়াতের ডাকা হরতালের সহিংসতাকে জঙ্গিবাদী ও মানবতাবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে তুলনা করে প্রধানমন্ত্রী বলেন, যারা সহিংসতার সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনতে হবে। তাদের শাস্তি নিশ্চিত করতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, ইভটিজিং ও এসিড সন্ত্রাস যখন শুরু হয় তখন কঠোর শাস্তি দিয়ে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। ঠিক একইভাবে অগ্নিসন্ত্রাসের সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি দিতে হবে নইলে এ সন্ত্রাস নিয়ন্ত্রণ করা যাবে না।
এআর





