রাঙ্গামাটির লংগদুতে দুর্বৃত্তের গুলিতে বিনয় চাকমা ওরফে জংগলী নামে একজন নিহত হয়েছেন বলে জানা গেছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে সুমতী চাকমা নামে একজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে দজরপাড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, ইউপিডিএফ প্রসীত গ্রুপের সশস্ত্র ক্যাডাররা আধিপত্য বিস্তার করার জন্য উপজেলার দোসরপাড়া স্টিল ব্রিজ এলাকায় প্রবেশ করলে সেই এলাকায় অবস্থান করা জেএসএস সংস্কার এবং ইউপিডিএফ বর্মা গ্রুপের সঙ্গে কয়েক রাউন্ড গুলি বিনিময় হয়। এ সময় জংগলী চাকমা নামে ইউপিডিএফ বর্মা গ্রুপের এক সশস্ত্র সদস্য গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

এদিকে নিহত জংগলী প্রায় দুই বছর আগে সংগঠন ছেড়ে স্বাভাবিক জীবনযাপন করছে জানিয়ে এই হত্যাকাণ্ডের জন্য ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)কে দায়ী করেছে জনসংহতি সমিতি (এমএন লারমা)’র মুখপাত্র ও সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহ তথ্য ও প্রচার সম্পাদক প্রশান্ত চাকমা।

প্রশান্ত চাকমা বলেন, পাহাড়ের এইসব হত্যাকাণ্ড যে ইউপিডিএফ’ই করে তাতো আপনারা জানেনই। তারা পার্বত্য চট্টগ্রামে ত্রাসের রাজত্ব কায়েম করেছে।

এ ঘটনায় জেএসএস (এমএন লারমা) ইউপিডিএফকে দায়ী করলেও ইউপিডিএফ বরাবরের মতোই অভিযোগ অস্বীকার করেছে।

ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমা বলেন, এ ঘটনার সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। এটা তাদের নিজেদের মধ্যে কিংবা এলাকার স্থানীয় ঝামেলাও হতে পারে।

লংগদু থানার ওসি রঞ্জন কুমার সামন্ত গুলিতে একজনের মৃত্যুর সংবাদ নিশ্চিত করে জানিয়েছেন, আমরা লাশটি পোস্টমর্টেম এর জন্য রাঙামাটি পাঠাবো।