রাজধানীতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন 'হিযবুত তাহরীরের' লিফলেট বিলি করার সময় দুই শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। তারা হলেন-ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাফিজুর রহমান ও ঢাকা কলেজের ছাত্র জাহিদুল ইসলাম।

আজ শুক্রবার দুপুরে গেণ্ডারিয়ার একটি মসজিদের সামনে থেকে তাদের আটক করা হয়।

গেণ্ডারিয়া থানার ডিউটি অফিসার শিউলী রাণী বলেন, 'উগ্রপন্থি বক্তব্য সংবলিত লিফলেট বিলির সময় তাদের আটক করা হয়। থানায় এনে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, তারা নিষিদ্ধ জঙ্গি সংগঠনটির সদস্য।'

এ প্রসঙ্গে পুলিশের উপ-কমিশনার পদমর্যাদার এক কর্মকর্তা জানান, আটককৃতদের অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্র্যান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের কাছে হস্তান্তর করা হবে। এই তরুণদের সঙ্গে অন্য কোনো জঙ্গি সংগঠন বা শীর্ষপর্যায়ের কোনো জঙ্গি যোগাযোগ আছে কিনা, তা খতিয়ে দেখা হবে।

এমবি