কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় বজ্রপাতে দুই কৃষক নিহত হয়েছেন।
আজ রোববার দুপুরে নিজের জমিতে কৃষিকাজ করার সময় বজ্রপাতের শিকার হন তাঁরা।
নিহত দুজন হলেন হারিছ মিয়া (৬৫) ও রমজান মিয়া (৩৫)। হারিছ মিয়া করিমগঞ্জের বারঘরিয়া ইউনিয়নের বারঘরিয়া গ্রামের মৃত আবদুল গফুরের ছেলে। রমজান মিয়া মোকামবাড়ি গ্রামের আবদুল মজিদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুর সাড়ে ১২টার দিকে বৃষ্টির সময় নিজেদের জমিতে কাজ করছিলেন কৃষক হারিছ মিয়া ও রমজান মিয়া। ওই সময় হঠাৎ বজ্রপাত হলে দুজনেই গুরুতর দগ্ধ হন।
আশঙ্কাজনক অবস্থায় তাঁদের কিশোরগঞ্জ জেলা হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মামুনুর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এমবি





