নেত্রকোনার মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের দড়িবিন্নি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই দল গ্রামবাসীর সংঘর্ষ হয়েছে। এতে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৫ জন। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন : ওই গ্রামের মৃত সাহেদ আলীর ছেলে লিটন মিয়া (৪৫) ও মৃত মজিদ খাঁর ছেলে আনছু মিয়া (৩৬)।আহতদের মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নেত্রকোনার মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের দড়িবিন্নি গ্রামের বাবলু তালুকদারের সঙ্গে একই গ্রামের ফজলু খানের দীর্ঘদিন ধরে জমাজমি সংক্রান্ত বিরোধ চলে আসছে।

শনিবার দুপুরে দড়িবিন্নি গ্রামের জামে মসজিদ প্রাপ্ত ইজারাদারগণ চাওটুরী বিলের জমি রোপন করতে চাইলে ফজলু খানের লোকজন বাঁধা দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে বাবুলের পক্ষের মো. আনছু মিয়া ঘটনাস্থলেই নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পথে লিটন মিয়া মারা যান।

আহতরা হলেন : খেলন মিয়া (২২), হেলন মিয়া (২০) ও হুমায়ুন মিয়াকে (৩০) ময়মনসিংহ হাসপাতালে পাঠানো হয়েছে জাকির হোসেন (২০), হলুদ মিয়া (২০), সোহেল (২৫) ও আবেদ আলীকে (৫০) মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

আনছু মিয়া ও লিটন মিয়ার মৃতদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। সংঘর্ষের পরপরই বাবলু পক্ষের লোকজন এই গ্রামের ইব্রাহিম, হাছেন, ফজলু খানের বাড়িসহ ১৫-২০ টি বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে এলাকায় আতঙ্কের সৃষ্টি করেছে।

মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মফিজুল ইসলাম জানান, দুই পক্ষের মধ্যে সংঘর্ষে দুইজন নিহত ও বেশ কিছু লোক আহত হয়েছে। দড়িবিন্নি গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।

ইআর