২০ দলীয় জোটের ডাকা হরতাল ও টানা অবরোধের কারণে বগুড়ায় দুধের কেজি অর্ধেকে নেমে এসেছে। প্রতি লিটার দুধ ৬০-৭০ টাকার স্থলে ২৫ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে।
দাম পড়ে যাওয়ায় ক্রেতা-বিক্রেতা সংকটে ভয়াবহ ঝুঁকির মধ্যে পড়েছে ঐতিহ্যবাহী এই 'দুধের বাজার'।
বগুড়া পৌর শহরের দুইটি বাজারে দুধের আমদানি কমতে কমতে ২০০-২৫০ মণের স্থলে ১০০-১৫০ মণে নেমে এসেছে। একই চিত্র উপজেলার অন্যান্য দুধ বাজারেরও।
দুধ বিক্রেতা মামুরশাহী গ্রামের রেজাউল করিম, ভীমজানির সোহরাব হোসেন, উচরংয়ের আব্দুল বারি,চকমুকুন্দর হেলাল উদ্দিন, বোয়ালকান্দির আব্দুল জলিল, দশশিকাপাড়ার জেল হোসেন জানান, টানা অবরোধ আর হরতাল সবকিছু শেষ করে দিয়েছে। অবরোধ শুরু হওয়ার পর থেকে প্রথম ১৫ দিন একটানা প্রতি লিটার দুধ ২০ থেকে ২৫ টাকা দরে বিক্রি করে হয়েছে। তবে গত দুই সপ্তাহ হলো দাম একটু বেড়েছে। তাও আবার মাঝে মধ্যেই ২০-২৫ টাকায় নেমে আসে।
দই ব্যবসায়ী নিমাই ঘোষ জানান, অবরোধ-হরতালের কারণে উৎপাদিত সব দই বাজারজাত করা যাচ্ছে না। তাই দই ও মিষ্টান্ন উৎপাদনকারী ব্যবসায়ীরা কেবল ব্যবসা টিকিয়ে রাখার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু দুধ কিনছেন। ফলে দুধের চাহিদাও কমে গেছে। এমনকি পরিস্থিতি স্বাভাবিক না হলে দুধের দাম আরও কমে যেতে পারেবলে জানান এই ব্যবসায়ী।
কেএইচ





